সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৬ রহিতকরণ বিল পাস হয়েছে।৯ এপ্রিল বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে কণ্ঠভোটে বিলটি পাস করা হয়।এর আগে গত ৬ এপ্রিল সুপ্রিম কোর্টের স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা এবং বিচারক নিয়োগ সংক্রান্ত অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বাতিলের লক্ষ্যে বিলটি সংসদে উত্থাপন করা হয়। একই সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করতে পূর্বের আইন পুনঃপ্রচলনের উদ্দেশ্যে আরেকটি বিলও আনা হয়।ওইদিন আইনমন্ত্রী আসাদুজ্জামান সংসদে পৃথকভাবে তিনটি বিল উত্থাপন করেন। বিলগুলো হলো- সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) বিলম, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ (রহিতকরণ) বিল ও জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল।বিলগুলো নিয়ে সংসদে আলোচনা অনুষ্ঠিত হয়। তবে এ বিষয়ে সংসদের বিশেষ কমিটিতে বিরোধীদল ‘নোট অব ডিসেন্ট’ বা আপত্তি জানিয়েছিল।আইনমন্ত্রী বিল উত্থাপনের সময় জানান, এসব বিল নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা হবে এবং স্পিকারের কাছে সে বিষয়ে অনুরোধও জানান।এদিন বিভিন্ন ক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) বিলসহ মোট সাতটি বিল পাস হয়েছে। এসব বিল কণ্ঠভোটে পাস হলেও এ বিষয়ে সংসদে কোনো আলোচনা হয়নি।ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে আইনমন্ত্রী পৃথকভাবে বিলগুলো উত্থাপন করেন। সংশোধনী না থাকায় বিলগুলো দফাওয়ারি সরাসরি ভোটে দেওয়া হয় এবং কণ্ঠভোটে অনুমোদন পায়।পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে- রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল (অ্যামেন্ডমেন্ট) বিল, জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ (সংশোধন) বিল, নির্বাচন কমিশন সচিবালয় (সংশোধন) বিল, নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) (সংশোধন) বিল, ভোটার তালিকা (সংশোধন) বিল, জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান) রহিতকরণ বিল ও বাংলাদেশ ল’ অফিসার্স (অ্যামেন্ডমেন্ট) বিল।সংসদ সূত্রে জানা গেছে, পাস হওয়া অধিকাংশ বিলের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের জারি করা সংশ্লিষ্ট অধ্যাদেশগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে।