নারায়ণগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন চলছে
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকায় মোবাইল কোর্টের অভিযানে ৩টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় জরিমানা আদায়সহ উৎস লাইন কিলিং করা হয়।৭ এপ্রিল মঙ্গলবার জেলা প্রশাসনের এক প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম।সংশ্লিষ্ট সূত্র মতে, পাগলার তালতলা এলাকায় আব্দুল হাফেজ নামে এক ব্যক্তির বাসায় অভিযান চালিয়ে ৮টি ডাবল বার্নারে অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে সংযোগটি বিচ্ছিন্ন করে উৎস লাইন কিলিং করা হয় এবং তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।এছাড়া উত্তর ভূইগড় এলাকায় অবস্থিত বন্ধন স্টীল অ্যান্ড রি-রোলিং মিলস কারখানায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগের অস্তিত্ব পাওয়া যায়। পরবর্তীতে সংযোগ বিচ্ছিন্ন করে উৎস লাইন কিলিং করা হয়।অন্যদিকে নিউ হাজীগঞ্জ এলাকার নূর এন্টারপ্রাইজে অবৈধ গ্যাস ব্যবহারের আলামত মিললেও সংযোগের উৎস শনাক্ত করা যায়নি। তবে সংলগ্ন একটি আবাসিক বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে উৎস পয়েন্ট কিলিং করা হয়।অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা। তিনি জানান, জনস্বার্থে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।