• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১১:২২:০৯ (13-Apr-2026)
  • - ৩৩° সে:
দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত করলেন ট্রাম্প, প্রস্তাবে সম্মতি দিল ইরান

দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত করলেন ট্রাম্প, প্রস্তাবে সম্মতি দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের হামলা স্থগিত করার ঘোষণা দেওয়ার পর ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।ট্রাম্পের এই ঘোষণা আসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে চুক্তির সময়সীমা বাড়ানোর আহ্বান জানানোর পর। একই সঙ্গে তিনি ইরানকে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে খুলে দেওয়ার অনুরোধও জানান।এক রাতের মধ্যে ইরানি ‘সভ্যতা ধ্বংস’ করে দেওয়ার হুমকির পর টানটান উত্তেজনার মধ্যে অবশেষে হামলা থেকে সরে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দুই সপ্তাহের জন্য ইরানে হামলার হুমকি স্থগিত করেছেন।নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছু সময় আগে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি দুই সপ্তাহের জন্য ইরানে বোমাবর্ষণ এবং হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছি। এটি হবে একটি দ্বিমুখী যুদ্ধবিরতি!তবে তিনি এক শর্ত জুড়ে দিয়ে বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল উন্মুক্ত করে দেয়, তবেই এই যুদ্ধবিরতি কার্যকর হবে।ট্রাম্প আরও বলেন, আমরা ইরানের কাছ থেকে ১০ দফার একটি প্রস্তাব পেয়েছি এবং আমরা মনে করি, এটি আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি।ট্রাম্পের মতে, চুক্তির পথে বড় বাধাগুলো প্রায় কেটে গেছে। তিনি বলেন, অতীতের বিরোধপূর্ণ বিষয়গুলোর প্রায় সবকটিতেই যুক্তরাষ্ট্র ও ইরান একমত হয়েছে। এই দুই সপ্তাহের সময়কাল চুক্তিটিকে চূড়ান্ত রূপ দিতে এবং সম্পন্ন করতে সহায়তা করবে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিনিধি হিসেবে ট্রাম্প এই অগ্রগতিকে স্বাগত জানিয়ে বলেন, এই দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানের কাছাকাছি পৌঁছানো আমার জন্য সম্মানের। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ!অপরদিকে ইরান জানিয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আগামী ১০ এপ্রিল শুক্রবার থেকে আলোচনা শুরু হবে।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দুই সপ্তাহের জন্য নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে।সূত্র: আল জাজিরা।