• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৪৭:৪৫ (14-Apr-2026)
  • - ৩৩° সে:
শিবচরে কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে ১২ হাজার লিটার ডিজেল বিতরণ

শিবচরে কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে ১২ হাজার লিটার ডিজেল বিতরণ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: কৃষিখাতে জ্বালানি সংকটের প্রভাব কাটাতে মাদারীপুরের শিবচর উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে ১২ হাজার লিটার ডিজেল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।১১ এপ্রিল দুপুরে শিবচর উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ. এম. ইবনে মিজান।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বোরো মৌসুমে সেচকাজে ডিজেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় কৃষকরা সংকটে পড়েন। পেট্রল পাম্পে পর্যাপ্ত সরবরাহ না থাকায় অনেকেই প্রয়োজনীয় জ্বালানি পাচ্ছিলেন না। এ অবস্থায় ডিপো থেকে সরাসরি ডিজেল সংগ্রহ করে সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সরবরাহের উদ্যোগ নেওয়া হয়।এই উদ্যোগে স্বস্তি প্রকাশ করে শিরুয়াইল ইউনিয়নের কৃষক মো. আবু বক্কর বলেন, ‘বোরো মৌসুমে তেল ছাড়া কিছুই করা যায় না। আজ ডিজেল পেয়ে অনেকটা স্বস্তি লাগছে। এমন উদ্যোগ থাকলে আমরা ভালোভাবে চাষ করতে পারব।’আরেক কৃষক মো. জালালউদ্দীন হাওলাদার বলেন, ‘আমাদের মতো গরিব কৃষকের জন্য এই উদ্যোগ অনেক বড় সহায়তা। আগে পাম্পে গিয়ে অনেক সময় খালি হাতে ফিরতে হতো। এখন সরাসরি তেল পেয়ে চাষাবাদ চালাতে সুবিধা হচ্ছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান জানান, প্রতিদিন অসংখ্য কৃষক জ্বালানি সংগ্রহের জন্য আসলেও সরবরাহ সংকটের কারণে তারা কাঙ্ক্ষিত তেল পাচ্ছিলেন না। কৃষি উৎপাদন সচল রাখতে জ্বালানির প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।