নারায়ণগঞ্জে দুটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে পরিবেশ দূষণের অভিযোগে দুটি শিল্পপ্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর।৬ এপ্রিল সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় পুলিশ ও নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এইচ এম রাশেদ জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লার পূর্ব লামাপাড়া এস এন গার্ডেন ও নিউ হাজীগঞ্জ ডাইং কারখানা দুটি দীর্ঘ দিন ধরে তরল বজ্র নির্গমন করে পরিবেশ দূষণ করে আসছে। বার বার তাগাদা দেয়ার পর তারা কর্ণপাত না করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুটি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুতের মিটার খুলে ফেলা হয়েছে। নারায়ণগঞ্জে দূষণকারী কারখানার বিরুদ্ধে ভবিষ্যতেও পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।