রাজধানীতে ৫০ লক্ষ টাকার জাল নোটসহ আটক ৩
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান এলাকা থেকে ৫০ লক্ষ টাকার জাল নোটসহ তিনজনকে আটক করেছে পুলিশ।১২ এপ্রিল রোববার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন এই তথ্য জানান।আটকরা হলেন- মো. আবু হানিফ পালোয়ান (৫০), রেজাউল শেখ (৪০) ও আব্দুল্লাহ মজুমদার আশিক (২৪)।তিনি জানান, রোববার বিকেল ৩টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানার একটি টিম ৩৬ নম্বর রোডে অভিযান পরিচালনা করে মো. আবু হানিফ পালোয়ান, রেজাউল শেখ ও আব্দুল্লাহ মজুমদার আশিককে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫০ লক্ষ টাকার জাল নোট ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।থানা সূত্রে জানা যায়, প্রাথমিক তদন্তে জব্দ করা নোটগুলো জাল বলে নিশ্চিত হওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।