মানিকগঞ্জে মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
মানিকগঞ্জ প্রতিনিধি: সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় মানিকগঞ্জে মহাসড়কের পাশে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।১ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা (মিরপুর)-উথুলী-পাটুরিয়া মহাসড়কের ৫৭তম কিলোমিটার এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বাস্তবায়নে এ কার্যক্রম শুরু হয়।উদ্বোধন করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শাহারিয়ার আলম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।কর্মসূচির অংশ হিসেবে মহাসড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, গাছের উপকারিতা পরিবেশগত ও ধর্মীয় উভয় দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এ ধরনের বৃক্ষরোপণ কার্যক্রম পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দীর্ঘমেয়াদি গাছ রোপণ ভবিষ্যতে বিভিন্ন প্রতিষ্ঠানের কাঠের চাহিদা পূরণেও সহায়ক হতে পারে।