জ্বালানি সাশ্রয়ে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের সূচিতে পরিবর্তন
স্পোর্টস ডেস্ক: সম্ভাব্য জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ হিসেবে আসন্ন বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল আগেই সূচি পরিবর্তনের আভাস দিয়েছিলেন। অবশেষে আজ ৯ এপ্রিল আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, সিরিজের সব ম্যাচ দিনের আলোতেই অনুষ্ঠিত হবে।আগের সূচি অনুযায়ী, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর ২টায়, আর দুটি টি-টোয়েন্টি ম্যাচ শুরু হওয়ার কথা ছিল সন্ধ্যা ৬টায়। তবে নতুন সূচি অনুযায়ী- ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে সকাল ১১টায় ও টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়।তবে ভেন্যুতে কোনো পরিবর্তন আনা হয়নি। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম দুই ওয়ানডে ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আর শেষ ওয়ানডে ও প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম-এ।জ্বালানি পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। যদিও সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী জাহাজ ভেড়ায় দেশে আপাতত বড় কোনো সংকট নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।সব ঠিক থাকলে আগামী ১৩ এপ্রিল নিউজিল্যান্ড দল ঢাকায় পৌঁছাবে। সীমিত ওভারের দুই সিরিজ শেষে আগামী ২ মে সফর শেষ করে তারা ঢাকা ত্যাগ করবে।