• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৪২:৫৪ (14-Apr-2026)
  • - ৩৩° সে:
শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ, দগ্ধ ৪

শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণ, দগ্ধ ৪

গাজীপুর (উত্তর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। এ সময় আশপাশের শপিং মলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শত শত মানুষ ছোটাছুটি করার সময় পড়ে গিয়েও বেশ কয়েকজন আহত হয়েছেন।১১ মার্চ বুধবার রাত পৌনে ১১টার দিকে শ্রীপুর পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেকে) পাঠানো হয়েছে।অগ্নিদগ্ধরা হলেন রবিউল ইসলাম (২৫), জাকির হোসেন (৩২) ও ইয়াসিন (৩৭)। তাদের স্থানীয় আলহেরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে পাঠানো হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বিকট শব্দে একটি ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পাশের সাহিদ সুপার মার্কেটে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের ফুলকি ছিটকে গিয়ে কয়েকজন দগ্ধ হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় আশপাশের মার্কেটের শত শত মানুষ আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে। অনেকেই ব্যবসাপ্রতিষ্ঠান ফেলে আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন। অনেকেই পড়ে গিয়ে আহত হয়েছেন।শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বলেন, আগুন লাগার কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসে। আগুনের ফুলকি ছিটকে গিয়ে বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। সাময়িকভাবে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল; আগুন নিয়ন্ত্রণে আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূরুল করিম বলেন, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ট্রান্সফরমার বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আগুনে ফুলকি ছিটকে কয়েকজন আহত হয়েছেন। তাদের ঢাকায় পাঠানো হয়েছে। আগুন পাশের তিনতলা ভবনে ছড়িয়ে পড়ে কয়েকটি দোকানপাটের মালপত্র পুড়ে গেছে।