বিয়ের পিঁড়িতে বসছেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি
বিনোদন ডেস্ক: বিশ্বজুড়ে কোটি ভক্তের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পপ সুপারস্টার টেইলর সুইফট এবং তার দীর্ঘদিনের প্রেমিক, আমেরিকান ফুটবলের তারকা ট্রাভিস কেলসি। ইতোমধ্যে আমন্ত্রিত অতিথিদের কাছে পৌঁছে গেছে তাদের ‘সেভ দ্য ডেট’ কার্ড।সংবাদমাধ্যম পেজ সিক্সের এক প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ফোর্থ অব জুলাই উপলক্ষে নির্ধারণ করা হয়েছে বিয়ের তারিখ। আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হবে এই তারকা যুগলের বিয়ে।জানা গেছে, যুক্তরাষ্ট্রের ব্যস্ততম শহর নিউইয়র্ক সিটিতেই বসবে এই জাঁকজমকপূর্ণ আয়োজন। প্রথমদিকে ধারণা করা হয়েছিল, সুইফটের রোড আইল্যান্ডের বিলাসবহুল প্রাসাদে অনুষ্ঠিত হবে বিয়ে। তবে শেষ পর্যন্ত বৃহৎ আয়োজন ও অতিথি আপ্যায়নের সুবিধার কথা বিবেচনায় ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে ম্যানহাটন।২০১৪ সাল থেকেই নিউইয়র্ক শহরের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে ওঠে টেইলর সুইফটের। শহরটির প্রতি তার ভালোবাসার প্রতিফলন পাওয়া যায় তার জনপ্রিয় গান ওয়েলকাম টু নিউইয়র্কেও। শহরটিতে রয়েছে তার বিলাসবহুল আবাসনও।অন্যদিকে, ট্রাভিস কেলসিও একাধিকবার নিউইয়র্কের প্রাণবন্ত পরিবেশের প্রশংসা করেছেন। তাই জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত উদ্যাপনের জন্য এই শহরকেই বেছে নিয়েছেন তারা।সংগীত ও ক্রীড়াজগতের দুই তারকার এই মিলন এখন বিশ্বের অন্যতম আলোচিত বিয়ের আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে। এখন ভক্তদের অপেক্ষা ৩ জুলাইয়ের জমকালো সেই অনুষ্ঠানের।