লক্ষ্মীপুরে একই সঙ্গে খোঁড়া হলো ৪টি কবর
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে একই সঙ্গে খোঁড়া হলো ৪টি কবর-এই দৃশ্য স্তম্ভিত পুরো এলাকা পুরো লক্ষ্মীপুর। এলাকাতে নেমে এসেছে শোকের ছায়া।রক্তক্ষরণ হচ্ছে প্রত্যেকের হৃদয়ের গভীরে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। গ্রামের মানুষের নীরব অশ্রুসিক্ত নয়নে জানান দেয় স্বজন হারানোর বেদনা কত কষ্টের। তেমনি লক্ষ্মীপুরের সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। গ্রামে পাশাপাশি খোঁড়া হয়েছে চারটি কবর। চারজনকে একসঙ্গে দাফনের প্রস্তুতি চলছে। এলাকাবাসীর ভাষ্যমতে এমন হৃদয়বিদারক দৃশ্য আগে কখনো দেখেননি তারা।স্থানীয়রা বলেন, “সবসময় শুনেছি একসঙ্গে কবর দেওয়ার কথা, কিন্তু এবার নিজের চোখে দেখলাম। এক পরিবারের চারজন নিহত এমন ঘটনা আমাদের গ্রামে আগে কখনো হয়নি।”প্রসঙ্গত, ২৬ মার্চ বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের একই পরিবারের চারজনসহ মোট ৫ জন নিহত হয়। নিহতরা হলেন-মুফতি আব্দুল মমিন, তার স্ত্রী নিলুফা আফরোজ ঝর্ণা, মেয়ে লাবিবা এবং ছেলে সাহেদ আশরাফ। অলৌকিকভাবে বেঁচে গেল তাদের ১২ বছর বয়সী কন্যা আবরা। তবে চোখের সামনে পরিবারের সবাইকে হারিয়ে এখনো বাকরুদ্ধ সন্তান আবরা।শুক্রবার জুম্মার নামাজের পর গ্রামের বশা হাজী পাটোয়ারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তাদের জানাজা অনুষ্ঠিত হবে। পারিবারিক কবরস্থানে পাশাপাশি চিরনিদ্রায় শায়িত করা হবে একই পরিবারের নিহত চার সদস্যকে।