• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৯:৪৫:৪১ (13-Apr-2026)
  • - ৩৩° সে:
নারায়ণগঞ্জে অভাবের তাড়নায় নবজাতককে নদীতে ফেলে দেন মা

নারায়ণগঞ্জে অভাবের তাড়নায় নবজাতককে নদীতে ফেলে দেন মা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে অভাবের তাড়নায় এক মা তার নবজাতক কন্যাকে প্লাস্টিকের ব্যাগে ভরে শীতলক্ষ্যা নদীতে ফেলে দিয়ে হত্যার চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে। তবে স্থানীয়দের তৎপরতায় শিশুটি জীবিত উদ্ধার হয়েছে।২ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের বক্তারকান্দী এলাকায় শীতলক্ষ্যা নদীর তীর থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।এর আগে, একই দিন রাত ২টার দিকে বক্তারকান্দীর মোজাম্মেল মিয়ার ভাড়াটিয়া বাড়িতে গৃহবধূ রাহেনা বেগমের ওই নবজাতকের জন্ম হয়। পরে সকালে অভাবের কারণে নবজাতকটিকে প্লাস্টিকের ব্যাগে ভরে নদীতে ফেলে দেন তিনি। এ সময় ঘটনাটি দেখতে পেয়ে এলাকাবাসী দ্রুত ব্যাগটি থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেয়।খবর পেয়ে বন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আরিফ তালুকদার ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে প্রাথমিক চিকিৎসার জন্য শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।জানা যায়, রাহেনা বেগমের স্বামী আব্দুল মালেক শারীরিক প্রতিবন্ধী, তিনি পেশায় রিকশাচালক। তাদের তিনটি সন্তান রয়েছে। এক সপ্তাহ আগে তারা বক্তারকান্দীতে ভাড়া বাসায় উঠেন। দীর্ঘদিনের আর্থিক সংকটের কারণেই এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।বন্দর থানা পুলিশ বিষয়টি উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে জানালে তিনি ঘটনাস্থলে এসে মা-বাবার বক্তব্য নেন। পরে মুচলেকা নিয়ে দুপুরে নবজাতকটিকে তার বাবা-মায়ের জিম্মায় হস্তান্তর করা হয়।এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ফয়সাল বলেন, ‘মুচলেকা নিয়ে শিশুটিকে তার পিতা-মাতার কাছে হস্তান্তর করা হয়েছে।’