• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৪০:৫৫ (14-Apr-2026)
  • - ৩৩° সে:
শিল্পকলা একাডেমিতে পাঁচদিনব্যাপী বর্ষবরণ উৎসব

শিল্পকলা একাডেমিতে পাঁচদিনব্যাপী বর্ষবরণ উৎসব

নিজস্ব প্রতিবেদক: চৈত্রসংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে ১৩ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনের বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনা এবং বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। সকলের জন্য উন্মুক্ত থাকবে এসব আয়োজন।আয়োজক সূত্রে জানা গেছে, গ্রামীণ ঐতিহ্য ও লোকসাহিত্যের নানা উপাদানে সাজানো হয়েছে এবারের বর্ষবরণ উৎসব। এতে ঢাকঢোল, লাঠিখেলা, ঘুড়ি ওড়ানো, লাটিম খেলা, জারিগান, সারিগান, পটগান, পুঁথিপাঠ, যাত্রাপালা, কবিগান, গাজির গান, গম্ভীরা, ভাওয়াইয়া গান, পুতুলনাট্য, চলচ্চিত্র প্রদর্শনীসহ বৈচিত্র্যময় অনুষ্ঠানমালা থাকবে।উৎসবের প্রথম দিন ১৩ এপ্রিল বিকেল ৩টায় একাডেমির উন্মুক্ত মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিতাই রায় চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন নূরুল ইসলাম মনি। সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য দেবেন একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।প্রথম দিন জাতীয় চিত্রশালা ভবনের গ্যালারি-৪ এ বাংলাদেশ লোকশিল্প প্রদর্শনীর উদ্বোধন করা হবে। পাশাপাশি ৫০ জন যন্ত্রশিল্পীর অংশগ্রহণে অর্কেস্ট্রা ‘তোরা সব জয়ধ্বনি কর’, ৩০ জন নৃত্যশিল্পীর ধামাইল নৃত্য এবং জারিগান, পটগান ও পুঁথিপাঠ পরিবেশিত হবে। এছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংগীত-নৃত্য এবং যাত্রাপালা ‘রহিম বাদশা রূপবান কন্যা’ মঞ্চস্থ হবে।দ্বিতীয় দিন ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে বিকেল ৪টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এতে ঢাকঢোলের তালে অংশ নেবেন শিল্পী ও সংস্কৃতিকর্মীরা। পরে শতকণ্ঠে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ পরিবেশিত হবে। এদিন প্রধান অতিথি থাকবেন জহির উদ্দিন স্বপন।তৃতীয় দিন ১৫ এপ্রিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সাঈদ সোহরাব। এদিন জাসাসের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অ্যাক্রোব্যাটিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।চতুর্থ দিন ১৬ এপ্রিলের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রুহুল কবির রিজভী। এদিন ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনায় ‘জাতি বৈচিত্র্যে বৈশাখী উৎসব’ অনুষ্ঠিত হবে এবং সন্ধ্যায় পুতুলনাট্য ‘বাছেরের বিয়ে’ মঞ্চস্থ হবে।সমাপনী দিন ১৭ এপ্রিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। দিনটির সাংস্কৃতিক পর্বে ‘এসো হে বৈশাখ’ গানের কোরিওগ্রাফি, লোকসংগীত, বাউল গান এবং ব্যান্ড সংগীত পরিবেশিত হবে। সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে তোজাম্মেল হক বকুল পরিচালিত চলচ্চিত্র ‘বেদের মেয়ে জোসনা’।