কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল জলিল (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।১৩ এপ্রিল সোমবার দুপুরে নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক একই এলাকার বড় ছড়ার পাড় গ্রামের সৈফুর ইসলামের ছেলে।স্থানীয় ও স্বজনরা জানান, সোমবার দুপুরে বাড়ির পাশে সেচ পাম্প চালু করতে গিয়ে জলিল বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জলিলের বোন জামাই লিয়াকত হোসেন জানান, দুপুরে ইরি ক্ষেতে সেচ দিতে সেচ পাম্পের মর্টার চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাশ জানান, এখন পর্যন্ত এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। তবে বিদ্যুৎস্পৃষ্টে একজন মারা গেছে। ইউনিয়ন চেয়ারম্যানকে বিষয়টি খোঁজ নিতে বলেছি।