ডেঙ্গুর ঝুঁকি কমাতে নগরীর স্কুলগুলোতে মশক নিধন শুরু করেছে ডিএনসিসি: মিল্টন
নিজস্ব প্রতিবেদক: বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলায় রাজধানীতে বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ‘পরিচ্ছন্ন স্কুল, নেই মশা’ শিরোনামে এই কার্যক্রমের আওতায় নগরের ৫৩৬টি স্কুলে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।আজ ২৮ মার্চ শনিবার সকালে ঢাকা রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।উদ্বোধনী অনুষ্ঠানে মিল্টন বলেন, ‘বর্ষা মৌসুমে ডেঙ্গুর ঝুঁকি বাড়তে পারে। সম্প্রতি স্কুল-কলেজ বন্ধ থাকার পর শিক্ষার্থীরা ক্লাসে ফিরছে। তাই তাদের সুস্থতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।’তিনি আরও জানিয়েছেন, ‘পর্যায়ক্রমে ৫৩৬টি স্কুলে মশার প্রজননস্থল ধ্বংস করতে নিয়মিত ওষুধ ছিটানো হবে। কোনো অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী জিরো টলারেন্স নীতি প্রয়োগ করা হবে।’