• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৪৩:০৫ (14-Apr-2026)
  • - ৩৩° সে:
তেজগাঁওয়ে বেতনের দাবিতে পোশাককর্মীদের বিক্ষোভ, যান চলাচল ব্যাহত

তেজগাঁওয়ে বেতনের দাবিতে পোশাককর্মীদের বিক্ষোভ, যান চলাচল ব্যাহত

নিজস্ব প্রতিবেদক: বেতনের দাবিতে রাজধানীর তেজগাঁও লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশিল্পের শ্রমিকরা।৫ এপ্রিল রোববার সকালে শুরু হওয়া এ কর্মসূচির কারণে গুরুত্বপূর্ণ এই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টার পর তেজগাঁও লিংক রোডের মহাখালী ও নাবিস্কোর মাঝামাঝি এলাকায় নাসা গ্রুপের প্রায় ৭০০ থেকে ৮০০ পোশাককর্মী বকেয়া বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।এ সময় তেজগাঁও-মহাখালী-উত্তরা এবং উত্তরা-মহাখালী-তেজগাঁও রুটে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ।পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেয়। তারা জানায়, উত্তরা-মহাখালী রুটে চলাচলের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যেতে পারে। এছাড়া মহাখালী ফ্লাইওভার হয়ে উত্তরা, গুলশান ও বনানী থেকে তেজগাঁও অভিমুখে যাতায়াত সম্ভব।অন্যদিকে, কাকলী মোড় থেকে কামাল আতাতুর্ক সড়ক হয়ে গুলশান-২, নতুন বাজার ও গুলশান-১ হয়ে রামপুরা ও হাতিরঝিলমুখী যান চলাচল অব্যাহত রাখা হয়। বিপরীত দিক থেকেও একইভাবে বিকল্প পথে চলাচল করা যায়।বেলা ১১টার দিকে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।