• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৮:৪০:৫০ (13-Apr-2026)
  • - ৩৩° সে:
পরিবারের দাবি হত্যা, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি

পরিবারের দাবি হত্যা, সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বামী আব্দুর রহিম তার স্ত্রী আত্মহত্যা করেছে বলে জানালেও পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়—পরিকল্পিত হত্যা।উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা আব্দুর রহিমের স্ত্রী আঁখি আলমগীর মীম গত ৮ এপ্রিল বুধবার ঢাকার মিরপুর এলাকায় ভাড়া বাসায় মারা যান। এ ঘটনাকে ঘিরে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে পরিবারের অমতে বিয়ে করেন মীম। বিয়ের পর থেকেই তার বাবার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন ছিল। মেয়ের মৃত্যুর খবর পেয়ে বাবা আলমগীর হোসেন ভেঙে পড়েন এবং এ ঘটনায় হত্যার অভিযোগ তোলেন।তিনি বলেন, তার মেয়েকে নির্যাতন করা হতো এবং পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মৃত্যুর বিষয়টি পরিবারকে না জানিয়ে দ্রুত দাফন সম্পন্ন করা হয় বলেও অভিযোগ করেন তিনি। এতে তাদের সন্দেহ আরও জোরালো হয়েছে। মীমের মা-ও এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।মীমের শ্বশুর বাড়িতে গিয়ে তার স্বামী আব্দুর রহিমকে পাওয়া যায়নি। তবে তার মা পারভিন বেগম জানান, তাদের পারিবারিক বিরোধ ছিলো। বিভিন্ন এনজিও থেকে ঋণ নেয়ার ফলে বিরোধের সৃষ্টি হয়। মীম আত্মহত্যা বিষয়ে তিনি সঠিকভাবে কিছুই জানেন না।মীমের স্বামী আব্দুর রহিম মুঠোফোনে দাবি করেন, পারিবারিক অশান্তির কারণে মীম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তিনি বলেন, ঘটনার আগে তার স্ত্রীর আচরণে অস্বাভাবিকতা দেখা গিয়েছিল।জানা গেছে, অসুস্থ অবস্থায় মীমকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি ঢাকায় ঘটেছে। তবে ভুক্তভোগীর স্বজনদের অনুরোধে সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।