বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, চার জনের যাবজ্জীবন
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন জেলা জজ শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. মমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।৮ এপ্রিল বুধবার সন্ধ্যায় রায়ের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামিরা হলো- মো. রাসেল (৩৩), মো. আল আমিন (৩২), মো. মামুন (৩৯) এবং জোসনা বেগম (২৮)।কোর্ট পুলিশ জানায়, ২০২৩ সালের ১ এপ্রিল বিকেল সাড়ে পাঁচটার দিকে ভিকটিম দুই শিশু সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় বাস থেকে নামলে আসামিরা তাদের বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে একটি ভাড়া বাসায় আটকে রাখে। সেখানে তারা ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং এক শিশুকে পাশবিকভাবে ধর্ষণ করে।ঘটনার পর ভুক্তভোগীর পিতা সিদ্ধিরগঞ্জ থানায় এজাহার দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর বিভিন্ন ধারায় মামলা রুজু হয়। তদন্ত শেষে পাঁচজনকে অভিযুক্ত করে ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার বিজ্ঞ জেলা জজ শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। আসামিদের বিরুদ্ধে অভিযোগ সকল যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড ভোগ করতে হবে। তবে পঞ্চম আসামি মো. ফোরকান মৃধা (৪৫)-এর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়।