• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১১:২০:২৩ (13-Apr-2026)
  • - ৩৩° সে:
টাঙ্গাইলে গোরস্তানের জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৭

টাঙ্গাইলে গোরস্তানের জমি নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ৭

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে গোরস্তানের জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে নাইম সওদাগর(১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় দুই পরিবারের অন্তত সাতজন আহত হয়েছেন। নিহত নাইম ওসমান সওদাগরের ছেলে ও হাতিয়া কলেজের একাদশ শ্রেণির ছাত্র।২৫ মার্চ বুধবার সকালে কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রামদেবপুর গ্রামে ওই ঘটনা ঘটে।এলাকাবাসী জানায়, রামদেবপুর দক্ষিণপাড়া গোরস্তানের জমি নিয়ে স্থানীয় সওদাগর ও সিকদার পরিবারের মধ্যে প্রায় আড়াই মাস ধরে বিরোধ চলছিল। এর আগে একাধিকবার ঝগড়া ও হামলার ঘটনা ঘটে এবং স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে সমাধানের চেষ্টা করা হলেও মীমাংসা হয়নি। এমনকি এরই জের ধরে ঈদুল ফিতরে দুই পক্ষ আলাদাভাবে জামাতে নামাজ আদায় করে। একই বিষয় নিয়ে ২৪ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় আবার দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতি হয়। ওইদিনের ঝগড়ার জেরে বুধবার সকালে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে নাইম সওদাগর দেশীয় অস্ত্রশস্ত্রসহ দলবল নিয়ে সিকদার পরিবারের পক্ষের হামিদ মন্ডলের বাড়িতে হামলা করে। এ সময় সিকদার পরিবারের লোকজন পাল্টা হামলা করলে উভয় পরিবারের ৮ জন আহত হয়। গুরুতর আহতাবস্থায় কলেজছাত্র নাইম সওদাগরকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।আহতদের মধ্যে সওদাগর পরিবারের পক্ষের মাজাহারুল ইসলাম(১৮), সাকিল সওদাগর(২৩) ও বক্কর সওদাগর(২০) এবং সিকদার পরিবারের পক্ষের হবিবর রহমান সিকাদার(৪৫), তার বাবা আ. আজিজ সিকদার(৭৬), মামুন সিদার(৩৫), হাফিজুর সিকদারকে (৩১) টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে আহত আজিজ সিকদারের ছেলে হবিবর রহমান সিকদারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে।কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) জেওএম তৌফিক আজম জানান, গোরস্তানের জমি নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।