বর্ণিল আয়োজনে হাবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
হাবিপ্রবি প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)-এ অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬।১৩ এপ্রিল সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।প্রো-ভাইস-চ্যান্সেলর ও কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা।রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. নওশের ওয়ান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসানসহ বিভিন্ন হলের হল সুপার, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও গীতাপাঠ করা হয়। পরে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয়। ক্রীড়াবিদদের শপথ পাঠ, মার্চ পাস্ট ও মশাল প্রজ্বালনের মধ্য দিয়ে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য।দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য।প্রতিযোগিতায় অংশ নেওয়া একাধিক শিক্ষার্থী জানান, ‘এমন আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বলেন, “শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ না থেকে এ ধরনের ক্রীড়া কার্যক্রম আমাদের মধ্যে দলগত চেতনা ও সম্প্রীতি গড়ে তোলে।’আরেক শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন আমাদের জন্য উৎসবের মতো। এতে নতুন উদ্যমে পড়াশোনায় মনোযোগ দেওয়ার অনুপ্রেরণা পাওয়া যায়।’