• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৮:৩৮:৫৬ (13-Apr-2026)
  • - ৩৩° সে:
যৌতুকের টাকা না পেয়ে শ্বশুরবাড়িতে জামাতার লুটপাট

যৌতুকের টাকা না পেয়ে শ্বশুরবাড়িতে জামাতার লুটপাট

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় যৌতুকের টাকা না পেয়ে শ্বশুরবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে। এ ঘটনায় শ্বশুর বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।৮ এপ্রিল বুধবার সন্ধ্যায় উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের শালমারা এলাকায় আব্দুল ওসমানের বাড়িতে এ ঘটনা ঘটে।থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে একই উপজেলার নামুড়ী পাড় এলাকার শরিফুল ইসলামের ছেলে ফরিদুল ইসলামের সঙ্গে কামার আব্দুল বাসেদের মেয়ে আছিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় স্বর্ণালংকার ও মোটা অঙ্কের যৌতুক প্রদান করা হয়। বর্তমানে তাদের একটি দুই বছর বয়সী সন্তান রয়েছে।অভিযোগে উল্লেখ করা হয়, বিয়ের পর থেকে আরও যৌতুকের দাবিতে স্বামী ও শাশুড়ি মিলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এ নিয়ে একাধিকবার পারিবারিকভাবে শালিসও হয়।নির্যাতনের মাত্রা বেড়ে গেলে গত ঈদুল ফিতরের সময় আছিয়া বাবার বাড়িতে চলে আসেন। এরপরও তাকে আবার শ্বশুরবাড়িতে নিতে চেষ্টা করে ব্যর্থ হন ফরিদুল ইসলাম।এ অবস্থায় বুধবার সন্ধ্যায় দেশীয় অস্ত্র (রাম দা) নিয়ে শ্বশুরবাড়িতে হামলা চালান তিনি। এ সময় বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করা হয়। বাড়িতে থাকা নগদ প্রায় ৩ লাখ টাকা ও প্রায় ৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার লুট করে নিয়ে যান ফরিদুল ইসলাম। ঘটনার পর মোবাইল ফোনে বাড়ির সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।ভুক্তভোগী আছিয়া জানান, ‘বিয়ের পর থেকেই আমার স্বামী আমাকে পছন্দ করত না। বিভিন্ন সময় যৌতুকের জন্য নির্যাতন করত। আমার বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী, এত টাকা দেওয়ার সামর্থ্য নেই।’আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’