যৌন নিপীড়নের অভিযোগ, জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু
বিনোদন ডেস্ক: যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন গায়ক আবু জাহিদ ওরফে জাহিদ অন্তু। এ মামলায় ইডেন কলেজের এক ছাত্রী বাদী হয়েছেন।২ এপ্রিল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে জামিন পান জাহিদ অন্তু।গায়কের পক্ষে জামিন শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম। বাদীপক্ষে অ্যাডভোকেট জসীম উদ্দিন জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় আসামিকে ১৯ এপ্রিল পর্যন্ত জামিন দেন।মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এর গিটার ক্লাসের মাধ্যমে জাহিদের সঙ্গে ওই শিক্ষার্থীর পরিচয় হয়। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, পরে সম্পর্ক ভেঙে যায়।অভিযোগ অনুযায়ী, ২৭ মার্চ সন্ধ্যা ৬টার দিকে জাহিদ ওই শিক্ষার্থীকে তার বাসায় যেতে বলেন। সেখানে জাহিদ তার ইচ্ছার বিরুদ্ধে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং বাধা দিলে তাকে মারধর করেন। শিক্ষার্থী কৌশলে বাসা থেকে বের হয়ে স্বজনদের সহায়তায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।