• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৮:৩৫:২৩ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

বাঁধের ধসে পড়া মাটি সরাতে গিয়ে যুবকের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে মাটিচাপায় আরমান মিয়া (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।১২ এপ্রিল রোববার দুপুরে মধ্যনগরের গুরমার হাওরের শৌলডুয়ারী বাঁধের ধসে পড়া মাটি সরাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।আরমান উপজেলার শালীয়ানী গ্রামের চানপর মিয়ার একমাত্র ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে রুপেশ্বর হাওরের বিস্তীর্ণ জমির ফসল জলাবদ্ধতায় তলিয়ে যাওয়ার উপক্রম হয়। পানি নিষ্কাশনের জন্য গত ১০ এপ্রিল শুক্রবার রাতে স্থানীয় কৃষকরা প্রশাসনের অনুমতি ছাড়াই গুরমার হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী বাঁধের একাংশ কেটে দেন। বাঁধ কাটার পর পানির তীব্র স্রোতে পাড় ধসে পড়ে প্রবাহ বন্ধ হয়ে গেলে ১২ এপ্রিল রোববার সকালে তা সরাতে যান আরমানসহ কয়েকজন কৃষক। দুপুরের দিকে কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছালে হঠাৎ আবারও পাড় ধসে পড়লে আরমান মাটির নিচে চাপা পড়েন।প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ বলেন, বাঁধ কাটার বিষয়টি প্রশাসনকে জানানো হয়নি। ফসল রক্ষা করার চেষ্টায় এমন প্রাণহানি অত্যন্ত দুঃখজনক।