নাটোরে কৃষক হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৬ জনের যাবজ্জীবন
নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃষক মেছের আলী হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুবুর আলমসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।৮ এপ্রিল বুধবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৪ জন আদালতে উপস্থিত ছিলেন এবং ২ জন পলাতক রয়েছেন।নাটোর জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শাহেদ মাহমুদ টিটু জানান, সিংড়ার কলিগ্রাম এলাকায় সলেমান মৃধার সঙ্গে নিহত মেছের আলীর জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার বিরোধ ও বাকবিতণ্ডা হয়।এরই ধারাবাহিকতায় ১৯৯৯ সালের ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেছের আলীকে তার প্রতিবেশী মছিরন বিবি ডেকে নিয়ে যান। পরে তার চিৎকার শুনে স্বজন ও স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতিকালে তিনি মারা যান।এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সিংড়া থানায় ৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। মামলার অপর দুই আসামি মৃত্যুবরণ করায় তাদের আগেই অব্যাহতি দেওয়া হয়।