নোয়াখালীতে ৩ হাজার লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৩ হাজার লিটার অবৈধভাবে সংরক্ষিত জ্বালানি তেল (ডিজেল) জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ তেলের বাজারমূল্য আনুমানিক ৩ লাখ টাকা।৮ এপ্রিল বুধবার বিকেলে উপজেলার চর ঈশ্বরের বাংলা বাজার ঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন হাতিয়া ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় কোনো বৈধ কাগজপত্র ছাড়াই অবৈধভাবে মজুদ করা প্রায় ৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।পরে হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া জব্দ জ্বালানি তেল লাইসেন্সধারী ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট রোধে কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।