• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৮:৩৫:২৭ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

হবিগঞ্জ প্রতিনিধি: প্রায় ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ এখনো স্বাভাবিক হয়নি। এতে সিলেটগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। দ্রুত উদ্ধার কাজ শেষ করে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।২ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় লাইনচ্যুত তেলবাহী ট্রেনটি উদ্ধারে কাজ চলছে।এর আগে ১ এপ্রিল বুধবার রাত ৯টার দিকে একই উপজেলার মনতলা রেলস্টেশনের কাছে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় ট্রেনটির চারটি তেলবাহী ট্যাংক (ওয়াগন) ও একটি গার্ড ব্রেক লাইনচ্যুত হয়ে পড়ে। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।এদিকে, দুর্ঘটনার পর ছিটকে পড়া ওয়াগন থেকে তেল সংগ্রহ করতে স্থানীয়দের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। আশপাশের গ্রামের নারী-পুরুষ বালতি, বাটি ও বিভিন্ন পাত্র নিয়ে তেল সংগ্রহে ভিড় করেন। অনেককে পাশের খালের পানিতে নেমেও তেল তুলতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং উদ্ধার কাজে সহায়তা করতে বিজিবির একাধিক ইউনিট কাজ করছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি লাইনচ্যুত হয়ে একাধিক বগি ছিন্নভিন্ন হয়ে যায় এবং কয়েকটি বগি রেললাইন থেকে ছিটকে পাশের জমিতে পড়ে।নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া জানান, সিলেটগামী তেলবাহী ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।তিনি আরও জানান, দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।