রংপুরে বাড়ছে হামের প্রকোপ
রংপুর ব্যুরো: রংপুর বিভাগের আট জেলায় হামের প্রকোপ বাড়লেও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের নির্দিষ্ট পরীক্ষা-নিরীক্ষার মেশিন না থাকায় ভোগান্তিতে পড়ছেন রোগী ও স্বজনরা। আর হাসপাতালের সংশ্লিষ্টরা বলছেন, হামের উপসর্গ দেখে রোগীদের সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি রোগীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পাঠাতে হয় ঢাকায়।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হওয়া শিশুদেরকে শিশু ওয়ার্ডের পাশে আইসোলেশন ওয়ার্ড তৈরি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। জটিল রোগীদের চিকিৎসা দিতে প্রস্তুত করা হচ্ছে আইসিইউ। তবে ডাক্তাররা হাসপাতাল থেকে ওষুধ না দিয়ে রোগীর স্বজনদের হাতে ধরিয়ে দিচ্ছেন প্রেসক্রিপশন।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ ইউনিটের প্রধান ডা. আ.ন.ম তানভীর চৌধুরী বলেন, হাম রোগে আক্রান্ত হয়ে শিশুরা ভর্তি হচ্ছে। ব্যাথায় কাতরাচ্ছে অনেক শিশু।রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, গত এক সপ্তাহ থেকে হামের রোগী আশা শুরু হয়েছে। তবে সবগুলোই শিশু। হামের প্রকোপ বেশি হওয়ায় শিশু ওয়ার্ডে আইসোলেশন ওয়ার্ড তৈরি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।