মুন্সিগঞ্জে মুক্তিযোদ্ধার হাত-পা ভেঙে দিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা
মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ৭৬ বছর বয়সী এক বীর মুক্তিযোদ্ধাকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।৩১ মার্চ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার বালুয়াকান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন জিস্ট পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।আহত বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াহিদুজ্জামান নাঈমুল বালুয়াকান্দি গ্রামের বাসিন্দা। অভিযুক্ত তুহিন প্রধান গজারিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এবং দনিয়া কলেজ শাখার সহ-সভাপতি বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নাসিমুল-মনির গোষ্ঠীর সঙ্গে নাঈমুলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে বিরোধপূর্ণ জমি পরিমাপের উদ্দেশ্যে তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দিকে যাচ্ছিলেন। এ সময় তুহিন প্রধানসহ ১০-১২ জন তাকে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।আহত নাঈমুল অভিযোগ করে বলেন, তুহিন প্রধান ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়েছে। এর আগে তাকে হুমকিও দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শারমিন সুলতানা জানান, আহত ব্যক্তির অবস্থা গুরুতর। তার একটি হাত ও একটি পা ভেঙে গেছে এবং মাথার পেছনে আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।